উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদীবিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালী শংকর পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপকারভোগী খামারিদের হাতে বকনা বাছুর ও পশুখাদ্য তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে গবাদিপশু পালন ও প্রাণিসম্পদ খাতের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রান্তিক পরিবারগুলোকে উন্নত জাতের পশু, পশুখাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হলে তাদের আয় বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তাঁরা বলেন, প্রাণিসম্পদ খাতের বিকাশের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ জন্য খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন, নিয়মিত টিকাদান এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালী শংকর পাল জানান, প্রকল্পটির আওতায় শুধু বকনা বাছুর নয়, দরিদ্র ও ক্ষুদ্র খামারিদের মধ্যে ছাগল, পাঠা, ভেড়া, হাঁস ও মুরগিও বিতরণ করা হবে। পাশাপাশি পশুখাদ্য, টিকা, কৃমিনাশক ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পশুর শেড নির্মাণে সহায়তা, উন্নত জাতের ঘাস ও সাইলেজ প্রদর্শনী এবং খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, নির্বাচিত চরাঞ্চলের সুফলভোগী ও লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটরদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রাণিপালন সম্পর্কে দক্ষ করে তোলা হবে। গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত শেড নির্মাণেও কারিগরি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
প্রকল্পের আওতায় লৌহজং উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের দরিদ্র ও ক্ষুদ্র খামারিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে কলমা ইউনিয়নের পাচনখোলা চর, চণ্ডিতলা চর ও বিদুইল চর; গাওদিয়া ইউনিয়নের কলিরকাল চর, পাটালির চর ও গাওপাড়া চর; কনকসার ইউনিয়নের পাইকারা চর ও ঝাইটিয়া চর এবং তেউটিয়া ইউনিয়নের রাউৎ চর, সংগ্রামবীর চর ও ভোজগাঁও চর রয়েছে।
অনুষ্ঠানে গাওদিয়া ইউনিয়নের খামারি হাফিজুর রহমান ও কলমা ইউনিয়নের খামারি মাকসুদা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে সরকারি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও আব্দুস সালাম মোল্লা, বিএনপি নেতা আনিসুর রহমান, আজিজুল জলিল জুয়েল, স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মান তপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভিসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি ও পশুপালকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বকনা বাছুর ও পশুখাদ্যসহ প্রকল্পের অন্যান্য সহায়তা কাজে লাগিয়ে চরাঞ্চলের প্রান্তিক পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের বিকাশের মাধ্যমে এসব পরিবারের জীবনযাত্রার মানও উন্নত হবে।