উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিনি বলেছেন, কর ব্যবস্থাকে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে। মানুষ যাতে স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হয়, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। একই করদাতার ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে করের আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশেই এনবিআরের কার্যক্রমের ওপর নির্ভরশীল।
দীর্ঘদিনের শাসনামলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরও নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, দলীয় বা ব্যক্তি স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ মনোভাব এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করেছে।
এখন প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনগণ এবং বিশেষ করে করদাতারা এনবিআরকে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান।
প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে একজন করদাতা কর দিতে গিয়ে হয়রানি বা দুর্নীতির শিকার না হন।
তার মতে, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু বেশি পরিমাণ রাজস্ব আদায় করা নয়; বরং করদাতার সংখ্যা বাড়ানো এবং মানুষকে স্বেচ্ছায় কর দেওয়ার জন্য উৎসাহিত করা।
যারা নিয়মিত কর দেন, রাষ্ট্রকে তাদের সম্মান দিতে হবে। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে বলেও জানান তিনি।
দেশের কর-জিডিপি অনুপাত ও করভিত্তি এখনো তুলনামূলকভাবে কম উল্লেখ করে তারেক রহমান বলেন, অর্থনীতির একটি বড় অংশ এখনো অপ্রাতিষ্ঠানিক খাতে রয়েছে।
সীমিত সংখ্যক নিয়মিত করদাতার ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, একই ব্যক্তির ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানের সক্ষমতা রয়েছে এমন নতুন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে হবে।
এর মাধ্যমে করের আওতা বাড়ানোর পাশাপাশি রাজস্ব ব্যবস্থাকে আরও ন্যায়সংগত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ব অর্থনীতিতে দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, আন্তর্জাতিক করব্যবস্থা, মানি লন্ডারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে হবে।
পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।
ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা নিয়েও বক্তব্য দেন তারেক রহমান।
তিনি বলেন, ভ্যাট আধুনিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস। তবে ভ্যাট ব্যবস্থার জটিলতার কারণে যেন ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে।
তার মতে, রাজস্ব আদায় কেবল বলপ্রয়োগ বা এনফোর্সমেন্টের মাধ্যমে নিশ্চিত করা যায় না। করদাতাদের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ আরও সহজ হয়।
এনবিআরকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি, যেখানে মানুষ কর দিতে গিয়ে ভয় না পেয়ে বরং প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখতে পারে।
অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে ঘটে যাওয়া একটি ‘দুঃখজনক ঘটনার’ কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি সরকারি কর্মকর্তাদের নিরাপদ ও স্বস্তিপূর্ণ পরিবেশে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সরকার যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করবে বলে আশ্বস্ত করেন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রাজস্ব আহরণের ইতিবাচক ধারার প্রশংসা করেন তারেক রহমান।
তিনি বলেন, এই অগ্রগতি প্রমাণ করে এনবিআরের কর্মকর্তারা সক্ষম এবং ভবিষ্যতেও তারা আরও ভালো করতে পারবেন।
রাজস্ব ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও করদাতাবান্ধব করার মাধ্যমে এনবিআরের প্রতি জনগণের হারানো আস্থা পুনর্গঠনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।