উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোর সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অনুবিভাগ) মো. তৌফিক-উর-রহমান। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা গত জুলাইয়ের শেষ নাগাদ যাচাই-বাছাই করেছে মিয়ানমার। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে শনাক্ত করার দাবি করেছে দেশটি।
মিয়ানমারের দাবি অনুযায়ী, ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় সফলভাবে যাচাই করা যায়নি। এ ছাড়া ৪ হাজার ২৪১ জন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে রাখাইন থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টিও অস্বীকার করেছে মিয়ানমার।
বৈঠকে তৌফিক-উর-রহমান দুই দেশের সম্মত দ্বিপক্ষীয় কাঠামোর ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া দ্রুত করার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
এ সময় শরণার্থীশিবিরে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তথ্যও যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি তুলে ধরা হয়।
বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে এসব রোহিঙ্গার নিবন্ধনের কাজ চলছে। প্রাথমিকভাবে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার পরের রোহিঙ্গাদের তথ্যও যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় করা হবে।
বাংলাদেশের পক্ষ থেকে যাচাই প্রক্রিয়ায় এসব অতিরিক্ত তথ্য যথাযথভাবে প্রতিফলিত করার অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় নিয়েও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
তৌফিক-উর-রহমান বলেন, রোহিঙ্গারা ‘বাঙালি’ নন। মিয়ানমার কর্তৃপক্ষের সাম্প্রতিক সময় পর্যন্ত স্বীকৃত তাঁদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তাঁর সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে তাঁর সরকারের অঙ্গীকারের কথাও জানান।
বাংলাদেশের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাঁদের নিজ ভিটেমাটি রাখাইনে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করা।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন শরণার্থীশিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করছেন।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা করে আসছে। তবে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও অন্যান্য মৌলিক নিশ্চয়তা নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে।