উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’ তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে চীনের ন্যাশনাল ক্লাইমেট সেন্টার। মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জলবায়ু কেন্দ্রটির পূর্বাভাস অনুযায়ী, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা আগামী কয়েক মাসে ক্রমাগত বাড়তে পারে। নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, তখনই সম্ভাব্য শক্তিশালী এল নিনোর চূড়ান্ত রূপ দেখা যেতে পারে।
চীনের ন্যাশনাল ক্লাইমেট সেন্টার জানিয়েছে, চলতি গ্রীষ্মের শুরু থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে এল নিনোর প্রভাব দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভারী ও অস্বাভাবিক বৃষ্টিপাত।
কোনো কোনো এলাকায় একাধিক বৃষ্টিবলয় পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায় দুর্যোগের মাত্রা আরও বেড়েছে। একই সময়ে ঘূর্ণিঝড়ের সক্রিয়তাও ছিল বেশি এবং বেশ কয়েকটি ঝড় দীর্ঘ সময় ধরে প্রবল বাতাস ও বৃষ্টিপাত ঘটিয়েছে।
গত সপ্তাহে চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন ডলফিন দেশটির পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে প্রায় দুই সপ্তাহের যাত্রার পর উপকূলে আঘাত হানার পরও এর অবশিষ্টাংশ অনেক দূরের অঞ্চলে প্রবল বৃষ্টি নিয়ে আসে।
চীনা সরকারের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগে ৩১৮ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এসব দুর্যোগে সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৫০ কোটি ডলার বলে জানিয়েছে সরকার।
এদিকে জুলাইয়ের শুরুতে জাতিসংঘের আবহাওয়া সংস্থাও শক্তিশালী এল নিনো দ্রুত তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছিল। সংস্থাটি সতর্ক করে বলেছিল, এল নিনোর প্রভাবে আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়তে পারে।
এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু ঘটনা। এর প্রভাব শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে না; বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, খরা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের ধরনেও পরিবর্তন আনতে পারে।
চীনের পূর্বাভাস অনুযায়ী, এবারের এল নিনো যদি সত্যিই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়, তাহলে এর প্রভাব বৈশ্বিক আবহাওয়ার ওপরও উল্লেখযোগ্য হতে পারে।
তবে ‘ইতিহাসের সবচেয়ে শক্তিশালী’ এল নিনো হবে—এটি এখনো পূর্বাভাস; ঘটনাটি শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হয়, তা আগামী কয়েক মাসের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতির ওপর নির্ভর করবে।