উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় বাংলাদেশের সমালোচনা করেছেন ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থানকে ‘অত্যন্ত রূঢ়’ ও ‘অহংকারী’ বলে মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।
বীণা সিক্রির মতে, তারেক রহমানের ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি জুড়ে দেওয়ার চেষ্টা বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করেছে, তা আন্তর্জাতিক কূটনীতির জন্য অনভিপ্রেত বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই কূটনীতিক বলেন, এ ধরনের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবিকে সফরের শর্ত হিসেবে ব্যবহারের সমালোচনা করে বীণা সিক্রি বলেন, প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া। এটি সম্পন্ন হতে বছরের পর বছর সময় লাগতে পারে। বাংলাদেশ সরকার বিষয়টি ভালোভাবেই জানে বলেও মন্তব্য করেন তিনি।
তার প্রশ্ন, যদি প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হতে কয়েক বছর সময় লাগে, তাহলে কি তারেক রহমানও আগামী কয়েক বছর ভারতে সফর করবেন না?
তার মতে, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতির একটি নির্দিষ্ট সময় ও প্রক্রিয়া রয়েছে। সেই সুযোগ কাজে না নিয়ে এ ধরনের শর্তারোপকে তিনি অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক আচরণ হিসেবে উল্লেখ করেন।
বীণা সিক্রি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম বিদেশি নেতা হিসেবে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। নয়াদিল্লির প্রত্যাশা ছিল, তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভারতকে বেছে নেবেন।
কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও ওই আমন্ত্রণের বিষয়ে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। সম্প্রতি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য দেওয়া দ্বিতীয় আমন্ত্রণের বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য করেন এই সাবেক কূটনীতিক।
এর আগে গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিবেশ তৈরির জন্য শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টিও সফরের পরিবেশকে প্রভাবিত করেছে বলে ঢাকার পক্ষ থেকে বলা হয়।
তবে ভারত সরকার জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছিল বলেও নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক যোগাযোগে নতুন মাত্রা যোগ হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে এখনো সফরের কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
এদিকে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের হস্তান্তরের দাবিও জানিয়েছে বাংলাদেশ।
সূত্র: এএনআই ও সংশ্লিষ্ট সূত্র