উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করে সরকারকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, সরকার ‘ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে’।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরেন।
গোলাম পরওয়ার বলেন, ‘সরকার হ্যাজ ফেল্ড ইটস কমিটমেন্ট, সরকার ব্যর্থ, চরম ব্যর্থ। ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাঁটছে, পরিণতি সেদিকেই যাচ্ছে।’
জামায়াতের মূল্যায়নে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন না করার বিষয়টি তুলে ধরা হয়।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অস্বীকার করে সরকার জনগণের সঙ্গে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। তাঁর দাবি, গণভোটের গণরায়ের বিষয়ে সরকারের ‘নেতিবাচক ভূমিকা’ই প্রথম বড় ব্যর্থতা।
এর পরই তিনি গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকটকে সরকারের দ্বিতীয় বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, বিভিন্ন জেলা পরিষদ, উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও সরকারি পদে বিএনপির নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলো বিএনপির নেতাকর্মীদের ‘পুনর্বাসনের কেন্দ্রে’ পরিণত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতারও সমালোচনা করেন গোলাম পরওয়ার।
তিনি দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের পরও বিরোধীদলের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে বিরোধীদলের ছয় নেতাকর্মী নিহত হয়েছেন।
দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি।
তিনি বলেন, মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থেকে ৯ দশমিক ১৬ শতাংশে নামার অর্থ পণ্যের দাম কমে যাওয়া নয়; বরং দাম বাড়ার গতি কিছুটা কমেছে।
ব্যাংকিং খাতেও সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেন তিনি। মার্চ শেষে খেলাপি ঋণ ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায় দাঁড়ানোর কথা উল্লেখ করে ব্যাংকিং খাতে ‘চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা’র অভিযোগ তোলেন।
কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও বিচারব্যবস্থাতেও সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিরোধীদলের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে বৈষম্য এবং প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেন।
তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামায়াত।
রিজার্ভ স্থিতিশীল হওয়ার পেছনে সরকারের কোনো কৃতিত্ব নেই দাবি করে গোলাম পরওয়ার বলেন, এর মূল কারণ রেমিট্যান্স।
বিরোধীদল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, তারা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, হরতাল, ভাঙচুর কিংবা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করছে জামায়াত।
‘আমরা আক্রান্ত হচ্ছি, কিন্তু আমরা আক্রমণকারীর ভূমিকায় নেই এখনো। রাজনৈতিক সংঘাত এড়িয়ে জামায়াতে ইসলামী সর্বোচ্চ সংযম দেখাচ্ছে,’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও আব্দুল হালিমসহ কেন্দ্রীয় ও নির্বাহী পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।