উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সফলতা অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের সাফল্যের ওপর নির্ভরশীল।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর এ সম্মেলনের আয়োজন করে।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরও মুক্ত থাকতে পারেনি। নীতি-নিয়ম উপেক্ষা করে ব্যক্তি ও দলীয় স্বার্থে পৃষ্ঠপোষকতা, কারও প্রতি বিরূপ মনোভাব এবং রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি প্রশ্নবিদ্ধ হয়েছিল।
‘কিন্তু ফ্যাসিবাদমুক্ত দেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা,’ বলেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকার এনবিআরকে জনগণের কাছে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে করদাতারা যেন এনবিআরকে তাদের আস্থার প্রতিষ্ঠান হিসেবে দেখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।
রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দক্ষ ও টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের দায়িত্ব কর্মকর্তাদেরই নিতে হবে।
তিনি বলেন, কর ব্যবস্থাপনা সহজ, দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত করতে হবে, যাতে মানুষ স্বেচ্ছায় কর দিতে উৎসাহিত হন।
একই করদাতার ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি করা টেকসই পদ্ধতি নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের শনাক্ত করে তাদের যথাযথ নিয়মে করের আওতায় আনতে হবে। এ জন্য আধুনিক, ডিজিটাল ও ডাটাভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।
তারেক রহমান বলেন, আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধু বেশি কর আদায় করা নয়; বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা।
যারা নিয়মিত কর দেন, রাষ্ট্র তাদের সম্মান করবে। একইভাবে যারা ইচ্ছাকৃতভাবে কর ফাঁকি দেন, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানান তিনি।
বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন এবং প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ডিজিটাল ইকোনমি, ই-কমার্স, ট্রান্সফার প্রাইসিং, আন্তর্জাতিক করব্যবস্থা, ট্রেড ফাইন্যান্সিয়াল ক্রাইম, মানি লন্ডারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে রাজস্ব কর্মকর্তাদের সুস্পষ্ট জ্ঞান থাকা জরুরি।
পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
ভ্যাটকে আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভ্যাট ব্যবস্থাপনার জটিলতার কারণে যেন ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, কাস্টমস, ভ্যাট কিংবা আয়কর আদায় শুধু জোর প্রয়োগের বিষয় নয়। রাজস্ব ব্যবস্থাপনার ওপর করদাতাদের আস্থা ও বিশ্বাস তৈরি হলে রাজস্ব আহরণ সহজ হয়।
‘মানুষ যেন এনবিআরকে ভয় না করে, বরং বিশ্বাস করে’—এমন পরিবেশ তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাজস্ব কর্মকর্তাদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়।
তিনি বলেন, সমস্যা আছে এবং থাকবে। আলোচনা ও ধাপে ধাপে সেগুলোর সমাধান বের করার চেষ্টা করা হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন নিরাপদে ও স্বস্তির সঙ্গে দেশ গঠনের কাজে নিয়োজিত থাকেন। দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সরকার অগ্রাধিকার দেবে বলেও আশ্বাস দেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণে ইতিবাচক প্রবৃদ্ধির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই অগ্রগতি প্রমাণ করে রাজস্ব কর্মকর্তারা সক্ষম এবং ভবিষ্যতেও আরও ভালো করতে পারবেন।
‘আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম ও আন্তরিকতা। আসুন সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি,’ বলেন তারেক রহমান।
সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে প্রধানমন্ত্রী এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।