উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৭৩ বছর বয়সেও কোনো ওষুধ খেতে হয় না সিডনিপ্রবাসী হোমিওপ্যাথি চিকিৎসক দবির উদ্দিনের। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেন বলেই এখনো তার নিয়মিত কোনো ওষুধ গ্রহণ করতে হয় না। খাদ্যতালিকা মেনে চলা, সময়মতো ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
সিডনির লাকেম্বায় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পাকিস্তান, নেপাল ও ভারতীয় কমিউনিটির মানুষও তার কাছে সেবা নিতে আসেন। প্রবাসী মানুষের ভাষা, সংস্কৃতি ও পারিবারিক বাস্তবতা সহজে বুঝতে পারার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয় বলে তিনি জানান। রোগীর শারীরিক ও মানসিক অবস্থাকে গুরুত্ব দিয়ে মানুষের পাশে থাকার ইচ্ছাই তাকে এই পেশায় উৎসাহিত করেছে।
রোগীর সমস্যা, উপসর্গ, আগের চিকিৎসার ইতিহাস এবং সামগ্রিক শারীরিক ও মানসিক অবস্থা জানার পর চিকিৎসা পরিকল্পনা করেন দবির উদ্দিন। প্রয়োজন হলে পরীক্ষা-নিরীক্ষা বা প্রচলিত চিকিৎসাব্যবস্থার চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও তিনি রোগীদের বলে থাকেন। হোমিওপ্যাথি নিয়ে সমালোচনাকে তিনি বিরোধিতা হিসেবে নয়, বরং শেখার ও নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে দেখেন।
দীর্ঘ প্রবাসজীবনে নানা দায়িত্ব পালন করলেও তার কাছে কমিউনিটি সার্ভিসের গুরুত্ব সবচেয়ে বেশি। অর্থ বা পদ-পদবির চেয়ে রোগীর আস্থা ও সন্তুষ্টি অর্জনকেই তিনি সবচেয়ে বড় সাফল্য বলে মনে করেন। চার দশকের প্রবাসজীবনের শেষ প্রান্তে এসেও দবির উদ্দিন মানুষের জন্য কাজ করার ইচ্ছাকে বয়সের ঊর্ধ্বে স্থান দিয়েছেন।