উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করার সময় ইভেন্ট ব্যবস্থাপনার কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদের প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তারা তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তারা সড়কে পড়ে যান এবং হামলাকারীদের মধ্যে স্থানীয় দুজনকে তিনি চিনতে পেরেছেন।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন দিক থেকে ছররা গুলি করা হলে পাঁচজন আহত হন। ব্যক্তিগত কোনো পূর্ববিরোধ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।