উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আমরা যে ইবাদত করি তার প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে অনেক সময় পর্যাপ্ত জ্ঞান রাখি না। আল্লাহ তাআলা কুরআনে কোথায় কী নির্দেশ দিয়েছেন, সে সম্পর্কে আমাদের গভীরভাবে জানা প্রয়োজন। ইসলামের নামে বিভিন্ন অনভিপ্রেত প্রথা ও ভুল চর্চা সমাজ থেকে দূর করতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে একটি সুস্থ ও নৈতিক সমাজ গঠন করা আমাদের দায়িত্ব। ইমাম মালিক (রহ.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি। তোমরা যতক্ষণ এ দুটিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর এ দুটি হলো আল্লাহর কিতাব (কুরআন) এবং তাঁর রাসুলের সুন্নাহ। (মুয়াত্তা ইমাম মালিক: ১৬০২)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজরত ইরবাজ (রা.) বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে নামাজ আদায় করলেন এবং হৃদয়স্পর্শী ভাষণ দিলেন। তখন এক সাহাবি বলেন, হে আল্লাহর রাসুল! এটি যেন বিদায়ী ভাষণ, আপনি আমাদের কী নির্দেশ দিচ্ছেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন— আমি তোমাদের আল্লাহভীতির উপদেশ দিচ্ছি এবং শ্রবণ ও আনুগত্যের নির্দেশ দিচ্ছি। তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নাহ এবং আমার হিদায়াতপ্রাপ্ত খলিফাদের সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। আর দ্বীনের মধ্যে নবউদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকবে। কারণ প্রতিটি নবউদ্ভাবিত বিষয় বিদআত এবং প্রতিটি বিদআত ভ্রষ্টতা। (সুনানে আবু দাউদ: ৪৬০৭)
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং সারাবিশ্বে আজ এটি একটি স্বীকৃত বাস্তবতা। বহু অমুসলিম বিদ্বান ও বিজ্ঞানী ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছেন। কিন্তু দুঃখজনক হলো আমরাই অনেক সময় কুরআন-সুন্নাহর শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন— হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। (সূরা আল-বাকারা: ২০৮) নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
গত ৩ আগস্ট আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন— বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইসলামি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। আবার ইসলামি শিক্ষাব্যবস্থায় আধুনিক শিক্ষারও পর্যাপ্ত উপাদান থাকে না। ফলে ইসলামি শিক্ষা নিয়ে বেড়ে ওঠা অনেক শিক্ষার্থী সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারে না। তিনি আরও বলেন, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো ইসলামি মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। আমরা বিদআত মুক্ত, সুন্নাহভিত্তিক ও নৈতিকতাসম্পন্ন আদর্শ জাতি বিনির্মাণের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।