উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা মনে করেন প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করছেন। ডপলার অপিনিয়ন রিসার্চ নামের একটি প্রতিষ্ঠানের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক এই জরিপের ফলাফল আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে প্রকাশ করা হয়। সরকারের সার্বিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং ৩২ দশমিক ৯০ শতাংশ মানুষ এর বিপরীত মত দেন। দেশের সার্বিক দিক নিয়ে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষ সঠিক পথে চলার কথা বললেও ৩৫ দশমিক ৬০ শতাংশ মানুষ দেশ ভুল পথে চলছে বলে মত প্রকাশ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের ১৮০ দিন পার হওয়ার প্রেক্ষাপটে এই জরিপ পরিচালনা করা হয়। গবেষণাপ্রতিষ্ঠান ইনোভিশনের আগের জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্য থেকে ৩ হাজার ৪৪৩ জনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ডপলার এই তথ্য সংগ্রহ করে। দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এই জনমত জরিপটি সম্পন্ন করা হয়। বিরোধী নেতাদের মূল্যায়নে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পক্ষে ৪৭ দশমিক ৭০ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পক্ষে ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। জরিপে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে ৫৯ দশমিক ৫ শতাংশ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১০ শতাংশ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দামের কথা উল্লেখ করেছেন। নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে জরিপে জানানো হয়েছে যে, ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ এলাকায় একা হাঁটতে নিরাপদ বোধ করেন এবং ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ উন্মুক্তভাবে ধর্ম পালনে নিরাপদ বোধ করছেন। এ ছাড়া সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পকে ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং করনীতিকে ৭০ দশমিক ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন।