উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের মাইক্রোএন্টারপ্রাইজগুলোতে বর্ধিত অর্থায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে টেকসই কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করার জন্য এ চুক্তি করা হয়েছে।
বুধবার ১৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে এ চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো: আনিছুর রহমান ও পরিচালক মো: জবদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৩ মে দেশের কর্মসংস্থান বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ-এর মাধ্যমে বিশেষায়িত কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার এ বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য হতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং নারী ও যুব উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে।
মাইক্রোএন্টারপ্রাইজ খাতে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির জন্য পিকেএসএফ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা সম্ভাবনাময় ব্যবসাগুলোর বিকাশে কাজ করবে। মাঠপর্যায়ের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও প্রাপ্ত অর্থের সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে প্রণোদনা তহবিলটি আবর্তক তহবিল হিসেবে পরিচালিত হবে। এর ফলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকবে যা দেশের মাইক্রোএন্টারপ্রাইজ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে।বাসস