উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিডনির লাকেম্বার বাংলা কমিউনিটি হলে রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রক্তস্নাত ৩৬শে জুলাই: স্বৈরাচার থেকে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজন করে বিএনপি অস্ট্রেলিয়া। আহ্বায়ক মোশিউর রহমান মুন্না ও সদস্য সচিব শফিকুল আলম শফিকের সমন্বয়ে আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতার আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা শুধু রাজনৈতিক দলের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। দেশের বাইরে থাকলেও বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন নয় বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালু, বিমানবন্দরে পৃথক ইমিগ্রেশন ব্যবস্থা এবং তৃতীয় টার্মিনালে বিশেষ লাউঞ্জ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শাহ জে. মিয়া।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও ন্যায়বিচারের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় দায়িত্ববোধ জাগ্রত করবে বলে বক্তারা মত প্রকাশ করেন।