উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হজযাত্রীদের স্বস্তি দিতে বিমান টিকিটের খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। চলতি বছর হজের বিমান টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। পাশাপাশি সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত বছর হজের বিমান টিকিটের খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, হজযাত্রীদের খরচ আরও কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে তাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না। অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের হজযাত্রীদের প্রায় ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন এবং বাকি প্রায় ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান।