উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) কনস্যুলেট জেনারেল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
শুরুতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কারো একক নেতৃত্ব নয়, ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের সমর্থন ছিল।
বক্তারা প্রবাসী বাংলাদেশিদের দল-মত নির্বিশেষে দেশের উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সমাপনী বক্তব্যে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। এদিকে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই অভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে অসঙ্গতি ঘিরে উপস্থিত নুর হোসেনের প্রশ্ন করা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়।
তিনি জুলাই প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে দাবি করেন এবং একে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে প্রশ্নকারী নুর হোসেনকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়া হয়।