উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সন্ধ্যায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে এই আয়োজনের ব্যবস্থা করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের প্রধান সমন্বয়ক ও স্মৃতি সংসদের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অন্য নেতাদের সঞ্চালনায় এই স্মরণসভা হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে তার আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ভার্চুয়াল অডিওর মাধ্যমে এতে শরিক হন মরহুমের জামাতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কন্যা ডাঃ জুবাইদা রহমান।
বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।