উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের গ্যাস ও সার সরবরাহ নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়। জাতীয় স্বার্থে এবং জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৪ কার্গো এলএনজি আমদানি করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে এ প্রস্তাব উপস্থাপন করে।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাথে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের ইউরিয়া সার আমদানি সংক্রান্ত চুক্তির অনুমোদন দেয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় ব্যবস্থার আওতায় এ চুক্তি সম্পাদিত হবে। এছাড়া ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের সাধারণ ঠিকাদার জাপানের এমএইচআইয়ের কাছ থেকে কারিগরি সহায়তা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
কারখানাটির দৈনন্দিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য টেকনিক্যাল সার্ভিস চুক্তির আওতায় একক উৎস নির্বাচন পদ্ধতিতে পরামর্শক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব সিমুলেটর সংগ্রহ করা হবে।