উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ক্যানসার রোগীদের উন্নত ও সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বুধবার ১৯ আগস্ট চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্সে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন ও অংশীদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৌশলগত সহযোগী হিসেবে অংশ নেয় চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়।
অনুষ্ঠানের চিকিৎসাবিষয়ক অধিবেশনে মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজুর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. উ ওয়েই ক্যানসার চিকিৎসায় বহু বিভাগীয় চিকিৎসক দলের ভূমিকা তুলে ধরেন। রোগীর শারীরিক অবস্থা ও ক্যানসারের ধরন বিবেচনায় নিয়ে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় ইন্টারভেনশনাল থেরাপি, ক্রায়োঅ্যাবলেশন ও মাইক্রোওয়েভ অ্যাবলেশনের মতো বড় অস্ত্রোপচার ছাড়া আধুনিক চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
স্বচ্ছ ও জবাবদিহিমূলক রোগী রেফারেল ব্যবস্থার মাধ্যমে রোগীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর বক্তারা জোর দেন। ভবিষ্যতে যোগ্য ও দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যথাযথ যাচাই ও অনুমোদনের ভিত্তিতে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনার কথাও তুলে ধরা হয়। এ উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামে ক্যানসার সচেতনতা বাড়ার পাশাপাশি বাংলাদেশ ও চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে চিকিৎসক, মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠানটির ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আকাশ চীনের হাসপাতালটির সেবা এবং চট্টগ্রামের মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।