উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে অসুস্থতা, আর্থিক সংকট ও নানা সমস্যার কথা নিয়ে আসা কয়েকজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। বুধবার (১৯ আগস্ট) গণশুনানিতে তাদের কথা শুনে চিকিৎসা ও জীবনধারণের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন তিনি।
রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের কল্লোল বড়ুয়া আসেন স্ত্রীর চিকিৎসার জন্য সহায়তা চাইতে। তার স্ত্রী সুরভী বড়ুয়ার গলায় টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচারের জন্য প্রায় এক লাখ টাকা প্রয়োজন হলেও নিয়মিত আয় না থাকায় তিনি ডিসির কাছে আর্থিক সহায়তা পান।
রাউজানের কদলপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হাসনা হেনা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও সামান্য আয়ে খরচ ও চিকিৎসা চালানো কঠিন হওয়ায় জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন করেন এবং তাৎক্ষণিক সহযোগিতা লাভ করেন।
আনোয়ারার পড়ৈইপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী ছবি দত্ত ও তার অসুস্থ স্বামীর সংসার চালানোর মতো কোনো আয়ের উৎস না থাকায় তিনিও জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন জানান।
রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামের পক্ষাঘাতগ্রস্ত মো. রাশেদ কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে থাকায় উন্নত চিকিৎসার জন্য গণশুনানিতে আসেন।
উত্তর আগ্রাবাদের দিলুয়ারা আক্তার সুলতানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে এবং স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানের বেতনের ওপর নির্ভর করে চলতে না পেরে সহায়তার আবেদন করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম সবার সমস্যার কথা শুনে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন।