উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) সিঙ্গাপুর হাইকমিশনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
বিশেষ করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো, শ্রমবাজার সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া শ্রম অভিবাসন ব্যবস্থাপনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা হয়।
আলোচনায় সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ আরও বৃদ্ধি করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।