উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসএস পাওয়ার-১-এর অনুকূলে প্রায় ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড় ও এলসি খোলার অনুমতি প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ১৯ আগস্ট ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন।
এ বিষয়ে বিআরপিডি-২ বিভাগের পরিচালক মো: বায়েজিদ সরকার স্বাক্ষরিত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। একইসাথে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে পূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংক পিএলসির অংশের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির জন্য লেটার অব ক্রেডিট বা এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই ঋণ ছাড় ও এলসি খোলার ক্ষেত্রে কিছু বিশেষ বিধান প্রযোজ্য হবে না বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে এই ঋণ সুবিধার বিপরীতে তাদের কোনো আর্থিক দায় সৃষ্টি হবে না এবং রূপালী ব্যাংক কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।