উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাময়িক পতিত জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশের লক্ষ্যে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। মঙ্গলবার আয়োজিত ‘সাময়িক পতিত জমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণ’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, দেশের ক্রমবর্ধমান ভোজ্যতেলের চাহিদা পূরণে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং সাময়িক পতিত জমিকে পরিকল্পিতভাবে ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করা সম্ভব। সভাপতির বক্তব্যে ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপালগঞ্জ আরডিএ কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে আসছে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দক্ষতা বৃদ্ধি এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সঠিক পরিচর্যা ও সম্প্রসারণ সেবার মাধ্যমে তেল জাতীয় ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। আরডিএ গোপালগঞ্জের পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নবী বলেন, কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষকদের সঙ্গে উদ্যোক্তা ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে উঠবে।