উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ২৩২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার ১৯ আগস্ট কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তর করবে—এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেন।
সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায় এবং বোটে থাকা চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি রাইফেল, একটি ৯ মিমি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এই ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।