উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের মাঠে-ঘাটে ও পতিত জমিতে জন্ম নেওয়া বিন্না ঘাসকে এবার ব্যাপকহারে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এই ঘাসের লম্বা ও শক্তিশালী শিকড় মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে পারে। উদ্ভিদ বিজ্ঞানীরা জানান, এর শিকড় দুই থেকে চার মিটার পর্যন্ত মাটির ভেতর ভেদ করতে পারে।
বুয়েটের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রকৌশল বিদ্যায় এই ঘাস ব্যবহার করে রাস্তাঘাট, পাহাড় ধস ও নদীর ভাঙন রক্ষা করা হয়। থাইল্যান্ড, ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোতে এই ঘাস ভূমিধস ও নদীতীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধনের পর বাঁধ রক্ষা ও খাল ভরাট রোধে এই ঘাসকে সাশ্রয়ী বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কংক্রিটের বিকল্প হিসেবে এই ঘাস ব্যবহারে খরচ প্রায় দশ ভাগে নেমে আসে বলে গবেষকদের অভিমত।
গত সোমবার সচিবালয়ে এক বৈঠকে কোন কোন প্রকল্পে এই বিন্না ঘাস ব্যবহার করা যায় তার সম্ভাব্যতা যাচাইয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে এটি একটি কার্যকর ও পরিবেশবান্ধব প্রাকৃতিক সমাধান।