উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস নারায়ণগঞ্জ’ কর্মসূচি। মঙ্গলবার পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরেন বক্তারা। বর্তমান যুগে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ছে উল্লেখ করে বক্তারা জানান, মোবাইল বা ডিজিটাল মাধ্যমে এখন খুব সহজেই লেনদেন করা সম্ভব।
বাংলা কিউ আর কোডের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটিমাত্র কিউ আর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক সেবার মাধ্যমে লেনদেন সম্পন্ন করা যায়। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই লেনদেন প্রক্রিয়া অনেক সহজ হয় এবং নগদ টাকা বহনের ঝামেলা কমে। অনুষ্ঠানে উপস্থিত ক্রেতারাও জানান যে, হাতে নগদ টাকা না থাকলেও ডিজিটাল পদ্ধতিতে সহজেই মূল্য পরিশোধ করা যাচ্ছে।
ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে আরও বেশি অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও বিভাগ প্রধান মো. রবিউল আলম এবং উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. সাইফুল আলম সরকার।
নারায়ণগঞ্জের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে আরও উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ শাখার সহকারী-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. শফিউল আযম এবং টানবাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা।