উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এক গুরুত্বপূর্ণ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত এই বৈঠকে ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিষয়ে নানা আশ্বাস দেওয়া হয়।
সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো: সারওয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদনসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সঞ্জীবন প্রকল্পের মঞ্জুরী দ্রুত অনুমোদনের আশ্বাস দেন, যা সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে।
এছাড়া ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম সফল বাস্তবায়ন ও সার্বিক আধুনিকায়নের স্বার্থে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। বাংলাদেশ ব্যাংকের বিসিএস-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
গ্রাহকসেবা আধুনিকায়ন এবং দ্রুত লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংকটিকে বিএসিএইচ, এনপিএসবি, বিইএফটিএন ও অন্যান্য জাতীয় পেমেন্ট ব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে বাহিনীর সদস্যগণ বেতন-ভাতা গ্রহণ, ডিজিটাল পেমেন্ট এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা আরো সহজে গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই ইতিবাচক দিকনির্দেশনা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং একটি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই সহযোগিতা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করবে।