উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপি ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে দুপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এই সংঘর্ষে রায়পুরা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা আমির হোসেন আমু ও রাসেল ভূঁইয়াসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং রায়পুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিলা জানান, আহতদের হাসপাতালে এনে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় আমির হোসেনকে ঢাকায় পাঠানো হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।