উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দক্ষ মানবসম্পদ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফুল করিম। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘রাউন্ড টেবিল অন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন ইনিশিয়েটিভস’ শীর্ষক গোলটেবিল বৈঠক ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমপ্রসারিত নতুন ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আব্দুল্লাহ-আল-মামুন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এ ছাড়া বৈঠকে ৪২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
বৈঠক শেষে স্মার্ট সলিউশন, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন, ড্যাপকো ভেঞ্চারস লিমিটেড, সুপ্রিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, উইডেভস অ্যান্ড উইল্যাব এবং ফ্লোরিনা কসমেটিকস—এই ছয়টি প্রতিষ্ঠান সমঝোতা স্মারক স্বাক্ষর করে। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম জানান, তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তারা ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে কাজ করছেন।
ইউজিসি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সম্পর্ক তৈরি করা। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে যেসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে, সেগুলোর উদ্দেশ্য ও বাস্তবায়ন যথাযথভাবে নিশ্চিত করা হবে।