উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র, বেলতলা ও তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৪ জুন রাত ১২টা ৬ মিনিটে মতিউর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয় নম্বর থেকে বিভিন্ন মেয়ের ছবি পাঠিয়ে প্রলোভন দেখানো হয়। পরে ভিডিও কলে কথা বলার সময় গোপনে ভিডিও ধারণ করে তা এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং মানহানির হুমকি দিয়ে বিভিন্ন বিকাশ নম্বরের মাধ্যমে তার কাছ থেকে ৩৩ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর ডবলমুরিং মডেল থানা তদন্ত শুরু করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমান হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, জব্দ করা মোবাইল ফোনে আসামির নিজের নামে নিবন্ধিত ছয়টি সিম পাওয়া গেছে। এসব ফোনের বিভিন্ন অ্যাকাউন্টে মামলার বাদীসহ বিভিন্ন ব্যক্তির অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, রেকর্ডপত্র ও পিসিপিআর যাচাই করে কালা মিয়া ব্যাপারী ওরফে কালাম মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।