উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সিস বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, আমরা মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ রাখার পক্ষে নই। তিনি আরও জানান, অভিযোগগুলো সত্য হলে এর চূড়ান্ত বোঝা বহন করবেন সাধারণ কর্মীরা এবং তাদের অভিবাসন ব্যয় আবারো কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একইসাথে বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে বলে তিনি মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, বিগত ২০১৬ সালে মাত্র ১০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণের ব্যবস্থা চালু হয় এবং ২০১৮ সালে শ্রমবাজার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে পুনরায় ২৫টি এজেন্সির মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং পরে তা ১০১টি এজেন্সিতে সম্প্রসারিত হয়। অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে ২০২৪ সালে আবারো বাংলাদেশী কর্মীদের প্রবেশ বন্ধ হয়ে যায় এবং এ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সিন্ডিকেটে বিভিন্ন ব্যক্তি ও প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ৪৯টি লাইসেন্স বাতিল করেছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একই ধরনের অস্বচ্ছ ও সীমিত এজেন্সিভিত্তিক ব্যবস্থা পুনরায় চালু করা কোনোভাবেই কাম্য নয়। সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানান বায়রার সাবেক এই নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম, এম এ ছালাম, মফিজ উদ্দিন, শাখাওয়াত হোসেন লিন্টু, মাহাবুবুল করিম সিদ্দিকী জাফর, মোহাম্মদ আলী, মজিবুর রহমান মজু, আকবর হোসেন মঞ্জু, নুরুল আমিন, কাজী এম এ কাসেম এবং মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যান্য নেতারা।