উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সদ্য ভূমিষ্ঠ দুই কন্যাসন্তানকে রেখে পালিয়ে গেছে মারিয়া নামে এক নারী। এমন অবস্থায় শিশু দুটির বেঁচে থাকা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে এবং নবজাতক দুই শিশুর বাবা সাকিব দিশাহারা হয়ে পড়েছেন। নবজাতক দুটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে চোখের জলে বুক ভিজিয়ে শিশু দুটির মাকে নিকট আত্মীয়-স্বজনসহ মানুষের দ্বারে দ্বারে খুঁজছেন তিনি। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ঘাটাইল পৌর শহরের ধারিয়াল গ্রামে।
জানা যায়, শিশু দুটির মা অভিযুক্ত মারিয়া ঘাটাইল পৌর এলাকার ব্যবসায়ী ময়েন উদ্দিনের মেয়ে এবং তার স্বামী সাকিব হোসেন পৌর শহরের একই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। নবজাতক দুই সন্তানের নাম রাখা হয়েছে মাহা এবং মানহা। আড়াই বছর আগে ১৭ বছর বয়সী সাকিব ও ১৫ বছর বয়সী মারিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পরিবারের অজান্তে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
গত ১৩ই আগস্ট ঘাটাইল হাসপাতাল মোড়ে হাজী খোরশেদ আলী মেমোরিয়াল ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ দুই কন্যাসন্তান প্রসব করেন মারিয়া। দুই সন্তানসহ মাকে সাকিব নিজ বাড়ি ধারিয়ালে নিয়ে আসেন। কিন্তু গত ১৭ই আগস্ট রাত থেকে কাউকে কিছু না জানিয়ে নবজাতক দুই সন্তানকে ঘরে একা ফেলে বাথরুমের কথা বলে নিরুদ্দেশ হয়ে যান মারিয়া।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাচ্চার মা ফিরে না আসায় পরিবার দুশ্চিন্তায় পড়ে যায় এবং মায়ের বুকের দুধের তাড়নায় বাচ্চাদের কান্না থামছে না। নবজাতকের বাবা সাকিব হোসেন জানান, যমজ শিশু নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন এবং মায়ের অভাব কোনোভাবেই পূরণীয় নয়। তার স্ত্রী সন্তানদের রেখে কোথায় চলে গেছে তা তিনি জানেন না এবং শ্বশুর-শাশুড়ির প্ররোচনায় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন।
মারিয়ার বাবা ময়েন উদ্দিন জানান, তার মেয়ে এখন কোথায় কী অবস্থায় আছে সেটি তার জানা নেই এবং ওই বিয়ে মেনে না নেয়ায় তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) পাওয়া গেছে এবং শিশু দুটির মাকে খুঁজে বের করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।