উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক বাজার থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনবে সরকার। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কেনা হবে। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কেনা এ এলএনজির প্রতি ইউনিটের দাম পড়বে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। অথচ গত এপ্রিলে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১৩ দশমিক ৫৬ ডলার।
বুধবার ১৯ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা ক অনুসরণ করে এসব এলএনজি কেনা হবে। প্রস্তাব অনুযায়ী আগামী ১ থেকে ২ সেপ্টেম্বর এই এলএনজি কেনা হবে।
বৈঠকে এলএনজি কেনার পাশাপাশি ঘোড়াশাল-পলাশ সার কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে আরও এক বছরের জন্য কারিগরি সহায়তা নেওয়ার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। সার কারখানার এই কারিগরি সহায়তার জন্য মোট ব্যয় হবে ৩৯ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের উৎপাদন ও জ্বালানি খাতের ধারাবাহিকতা রক্ষায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।