উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো ভাবেননি যে রাষ্ট্রপতি হবেন। এটি দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি উল্লেখ করে তিনি বলেন যে রাষ্ট্রপতি হলেও তাঁর ইচ্ছে রয়েছে জনগণের পাশে থেকে সেবা করার। মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যতই ব্যস্ত থাকুন না কেন, তিনি সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নের পাশে থাকবেন। সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং দল থেকে রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে স্টার টিভির মাহবুব আলম, কালবেলার শফিকুল ইসলাম, বাসসের জাহাঙ্গীর আলম, ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ ও জিটিভির সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ফোরের মোছা. শিউলী বেগম নাহিদ, ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর ও কালের কণ্ঠের মো. নবাব শরীয়তুল্লাহ। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগও উপস্থিত ছিলেন।