উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ভরপুর হতে বাঁশডর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। ৫-৬টি এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের এই একমাত্র সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কার না হওয়ায় কাদাপানি আর ছোট-বড় গর্তে ভরা এই সড়কে চরম বিড়ম্বনায় পড়েছেন স্থানীয়রা। নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতির কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে তীব্র ভোগান্তি নেমে আসে। ছাত্রছাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইটের খোয়া উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। লন্ডন প্রবাসী সমাজসেবক আবুল কাসেম তালুকদার বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এবং তিনি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সাব্বির আহমেদ জানান, এই সড়কের টেন্ডার একবার বাতিল হওয়ার পর ইতিমধ্যে সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হয়েছে এবং অনুমোদন পেলে কাজ শুরু হবে।