উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমানে দেশে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার ১৯ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, সম্প্রতি মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারাদেশে গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল, যা এরই মধ্যে সমাধান করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়টি সাময়িক উল্লেখ করে তিনি জানান যে বিদ্যমান সমস্যা দূর করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেড় মাসের তেলের মজুদ বাড়িয়ে ছয় মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে দেড় মাসের যে মজুদ রয়েছে, তা দ্রুত তিন মাসে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ছয় মাসে উন্নীত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
জরুরি প্রয়োজন মেটাতে বিদেশ থেকে নিয়মিত গ্যাস আমদানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শুধু গ্যাস আমদানি করলেই সংকট পুরোপুরি কাটবে না, বরং এর জন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করতে হবে। নতুন এলএনজি স্টেশন বসাতে কিছুটা সময় লাগবে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে শিগগিরই বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।