উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া, তা নিয়ে কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নেই এবং সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি খাতে হয়রানি, জননিরাপত্তার অভাব এবং ভয়াহাব বিনিয়োগ পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।
সভায় গ্যাস-বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ ও উৎপাদন বিঘ্নিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি গ্যাস ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জনপ্রত্যাশা পূরণে সংস্কারের ওপর জোর দিয়ে গাজী আতাউর রহমান বলেন, সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন করতে হবে। সংস্কার ছাড়া আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না বলে জানান তিনি।