উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অতি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দলের যেকোনো ক্রান্তিলগ্নে কিংবা আন্দোলনে-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে বিজয়ী হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
এর আগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারে গিয়ে শেষ হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আফছর খানের পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, রাজপথের যেকোনো ত্যাগ স্বীকারে স্বেচ্ছাসেবক দল অতীতেও কখনো পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন লস্কর।
সমাবেশে সভাপতির বক্তব্যে ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশাবলীই আমাদের মূল শক্তি। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।