উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অ্যাপলের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের অষ্টম শ্রেণীর একটি বিজ্ঞান মেলা প্রকল্প নিলামে তোলা হয়েছে। 'হোয়াট ইজ দ্য সিলিকন-কন্ট্রোলড রেকটিফায়ার?' শিরোনামের এই প্রকল্পটি ২০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে বলে ধারণা করছে নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন।
১৯৬৮ সালের ২৯ ফেব্রুয়ারি তৈরি করা এই প্রকল্পে ১০ পাতার একটি প্রতিবেদন এবং তিন প্যানেলের একটি কাঠের প্রদর্শনী বোর্ড রয়েছে। এতে সিলিকন-কন্ট্রোলড রেকটিফায়ার নামক একটি সেমিকন্ডাক্টর যন্ত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা বৈদ্যুতিক শক্তি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রকল্পটির সর্বোচ্চ দর উঠেছে ৩ হাজার ২২২ ডলার।
বর্তমানে জবসের সৎভাই জন চোভানেকের সংগ্রহে থাকা এই প্রকল্পটি বহু বছর লস আলটোসে জবস পরিবারের বাড়িতে সংরক্ষিত ছিল। ১৯৯৩ সালে জবসের বাবা পল জবসের মৃত্যুর পরও এটি সেখানেই ছিল। চোভানেক ও তার মা একাধিকবার জবসকে এটি নিয়ে যেতে বললেও তিনি তা নেননি, ফলে চোভানেক নিজেই এটি সংরক্ষণ করেন।
নিলামে শুধু স্কুলজীবনের প্রজেক্টই নয়, অ্যাপলের ইতিহাসের আরও অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী স্থান পেয়েছে। এর মধ্যে ১৯৭৭ সালের একটি সচল 'নিউমার্ক' অ্যাপল-১ কম্পিউটারের দর উঠেছে ২ লাখ ৫ হাজার ডলার। এছাড়া জবসের স্বাক্ষর করা ১৯৮৩ সালের একটি বিজনেস কার্ডের দাম উঠেছে ১ লাখ ৩ হাজার ৫৭৪ ডলার।
অ্যাপলের এই বিশেষ নিলামের প্রথম পর্বে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর করা প্রতিষ্ঠানের প্রথম চেকটি ২৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল। আরআর অকশনের আয়োজিত বর্তমান এই নিলামটি স্থানীয় সময় আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।