উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশী রোগীদের সাশ্রয়ী মূল্যে মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের উদ্যোগে এই লক্ষ্য নিয়ে বাংলাদেশে ‘ইউ-টার্ন’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কার্যালয়ে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ ই মোহাম্মদ শুহাদা ওথমান।
বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই দেশের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সহযোগিতা বাড়ানোর ইতিবাচক মনোভাব জানানো হয়। এমএইচটিসি জানায়, আগের বছরের তুলনায় বাংলাদেশী রোগীদের কারণে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতের রাজস্ব ২২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিনিধি দলের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ায় আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে সেবা পাওয়ার সুযোগ রয়েছে। ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত চলা এই সফরে প্রতিনিধি দলটি বিভিন্ন হাসপাতাল ও এজেন্সির সাথে বৈঠক করবে।