উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানবজমিনে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের সঙ্গে ক্যান্সারে আক্রান্ত এক মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রোববার মানবজমিনের অনলাইনে এবং সোমবার প্রিন্টে এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে।
সোমবার বিকালে সংশ্লিষ্ট দপ্তর থেকে স্থানীয় সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খানকে ওই মায়ের খোঁজখবর নেয়ার নির্দেশ দেওয়া হয়। তৎক্ষণাৎ মন্ত্রী সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমকে ফোন করে বিস্তারিত অবগত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, আগামী শনিবার প্রধানমন্ত্রীর অর্থ উপহার নিয়ে ক্যান্সারে আক্রান্ত মায়ের বাড়িতে যাবেন এবং শিক্ষার্থীদের দেখতে ওই স্কুলে যাবেন মন্ত্রী। এমন খবরে ক্যান্সারে আক্রান্ত ওই মা, পরিবার এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, গত রোববার সকালে সখীপুরের কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাস করা শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে সেই টাকা সহপাঠীর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য উপহার দিয়েছিল। সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপে আবেগাপ্লুত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা।