উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিনস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় কারখানার কাছের সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর-অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পাওনা পরিশোধের আশ্বাসে শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে তাদের জানানো হয়েছিল যে কারখানাটি অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। এ খবরের পর শ্রমিকরা চাকরি ছেড়ে দেয়ার আগ্রহ প্রকাশ করে ক্ষতিপূরণসহ প্রাপ্য পাওনা দাবি করেন। সে সময় তাদের পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হলেও পরে মালিকপক্ষ জানায় যে কারখানা বিক্রি করা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই বেতন-ভাতাসহ বিভিন্ন পাওনা নিয়ে সমস্যা চলার কারণে বকেয়া পরিশোধ ও অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার তারা কর্মবিরতিতে যান।
শাহেরা বেগম নামে এক নারী শ্রমিক জানান, প্রায় ১৫ দিন আগে তাদের জানানো হয়েছিল কারখানা বিক্রি করে দেয়া হয়েছে এবং নোটিশ দিয়ে ক্ষতিপূরণের টাকা দেয়ার কথা বলা হয়েছিল। এখন আবার বলা হচ্ছে কারখানা বিক্রি হয়নি, তাই এই কারখানায় কাজ করার কারণে তাদের পাওনা বর্তমান মালিককেই দিতে হবে। এদিকে অবরোধের কারণে মুরাদপুর-অক্সিজেন সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী ও রাউজানমুখী যাত্রীরা বিকল্প সড়ক ব্যবহার করেন এবং আশপাশের কারখানার শ্রমিক ও যাত্রীরাও যানজটে আটকা পড়েন।
শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ইত্যাদি জিনস লিমিটেডের শ্রমিকরা কারখানার মালিকানা পরিবর্তনের কথা জানিয়ে চাকরি ছাড়ার ক্ষেত্রে ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা দাবি করছেন এবং মালিকপক্ষ প্রতিষ্ঠানটি বিক্রি করছেন না বলে জানিয়েছেন। তিনি আরও জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাসের পর তারা সড়ক অবরোধ থেকে সরে আসেন এবং দুপুর দুইটার দিকে সড়কের যানচলাচল সচল হয়।