উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ সাড়ে তিন দশক পর আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট শেষে বিকেল ৫টার পরপরই গণনা শুরু হবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর সংবিধান ও আইন অনুযায়ী এই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
এবারের নির্বাচনে বর্তমান সরকারি দল বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন ড. অলি আহমদ বীর বিক্রম। গত ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে কোনো প্রার্থীই নাম প্রত্যাহার না করায় এই দুই প্রধান প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, মোট ৩৪৯ জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটার হিসেবে অংশ নিচ্ছেন এবং ভোটার ও প্রার্থীদের নাম ব্যালটপত্রে স্পষ্ট থাকায় ভোটদান উন্মুক্ত থাকবে। ভিআইপি ভোটারদের ভোটদান ও ফলাফল গণনার পর্বটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সিইসি আরও জানান, অতিরিক্ত বা কোটি কোটি টাকা খরচের খবর গুজব ছাড়া কিছু নয় এবং কিছু ব্যালট ও স্টেশনরি ছাড়া কমিশনের আলাদা কোনো বড় আর্থিক ব্যয় হয়নি।
উল্লেখ্য, ১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯১ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে মন্ত্রিপরিষদশাসিত সরকারব্যবস্থা প্রবর্তনের পর ওপেন ব্যালটে ভোটগ্রহণ হয়েছিল। বর্তমান নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে, সবার আন্তরিক সহযোগিতায় তারা জাতিকে একটি সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।