উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও নতুন পণ্য প্রদর্শ এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়াতে ঢাকায় শুরু হচ্ছে ২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনস ২০২৬। সেমস-গ্লোবালের আয়োজনে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চারদিনের এ প্রদর্শনী চলবে আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত রাখা হবে।
এবারের আসরে একই ছাদের নিচে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে যা হলো ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬–সামার এডিশন এবং ৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সেমস-গ্লোবালের অন্যান্য শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৭ দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নিচ্ছে এবং তাদের জন্য থাকবে ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন। এ আয়োজনে প্রায় ১৬ হাজার ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, কেমিক্যাল, ইয়ার্ন, ফ্যাব্রিক ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে।
পাশাপাশি এই আয়োজনে চারটি আন্তর্জাতিক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। এসব সেমিনারে ডিজিটাল ট্রান্সফরমেশন, ইন্টারনেট অব থিংস, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।