উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বিপক্ষীয় ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতমুখী একটি রূপরেখার অংশ হিসেবে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব তুলে ধরেছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাথে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব দেন বিনায়ক চ্যাটার্জি। প্রস্তাবিত প্রথম টাস্কফোর্সটি অবকাঠামো ও বেসরকারি মূলধন নিয়ে কাজ করবে এবং এর লক্ষ্য হবে দেশীয় ও আন্তর্জাতিক বেসরকারি বিনিয়োগ কার্যকরভাবে কাজে লাগানো।
বিনায়ক চ্যাটার্জি জানান, বর্তমানে ভারতের অবকাঠামো খাতে প্রতিবছর প্রায় পাঁচ লাখ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হচ্ছে, যা দেশটির মোট ২৫ লাখ কোটি টাকার অবকাঠামো ব্যয়ের প্রায় ২০ শতাংশ। একইসাথে বাংলাদেশও সেতু, রেলপথ, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও মেট্রোরেলের মতো বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে, যেখান থেকে ভারতও শিক্ষা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। প্রস্তাবিত টাস্কফোর্সের মাধ্যমে ঢাকা এবং ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বৈঠকের আয়োজন করা হবে।
উদীয়মান খাত বা সানরাইজ সেক্টর নিয়ে কাজ করবে দ্বিতীয় টাস্কফোর্স, যার লক্ষ্য হবে বস্ত্র, সিমেন্ট ও সারের মতো প্রচলিত শিল্পের বাইরে প্রযুক্তি নির্ভর নতুন খাতগুলোতে সুযোগ খোঁজা। বিনায়ক চ্যাটার্জি পারমাণবিক বিদ্যুৎ, সেমিকন্ডাক্টর, সবুজ হাইড্রোজেন ও অ্যামোনিয়া, নবায়নযোগ্য জ্বালানি, উচ্চগতির রেল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জীবপ্রযুক্তি খাতকে সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। তিনি জানান, ভারত বর্তমানে সেমিকন্ডাক্টর খাতে প্রায় এক লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে, ফলে এ খাতে জ্ঞান বিনিময় ও যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন, দুটি টাস্কফোর্সই পুরোপুরি ব্যবসায়িক পর্যায়ে পরিচালিত হবে এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও অর্থনৈতিক সম্পৃক্ততা অব্যাহত রাখাই হবে এর মূল লক্ষ্য। প্রথম টাস্কফোর্সের উদ্দেশ্য হবে অবকাঠামো উন্নয়নে বেসরকারি মূলধন আকৃষ্ট করা, আর দ্বিতীয় টাস্কফোর্স প্রযুক্তিগত জটিলতা মোকাবেলা ও নতুন প্রযুক্তি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেবে। তিনি আশা প্রকাশ করেন যে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ ও ভারত ব্যবসা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতায় আরও এগিয়ে যেতে পারবে। নব্বইয়ের দশকের শুরু থেকে পিপিপির মাধ্যমে ভারতের অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্যও কাজে লাগতে পারে।