উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রস্তাবিত একটি বাণিজ্য চুক্তিতে কানাডায় উৎপাদিত গাড়ি ও ট্রাক এবং গুরুত্বপূর্ণ ধাতুপণ্যে মার্কিন শুল্ক কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, কানাডায় তৈরি গাড়ি ও ট্রাকের ওপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্কের হার বর্তমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হতে পারে। একই সঙ্গে কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর সর্বোচ্চ শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
তবে চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ফলে কানাডা থেকে প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের নির্ধারিত সময়সীমা শনিবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত বহাল রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার থেকে নতুন শুল্ক কার্যকরের হুমকি দিলেও দুই দেশের আলোচনায় অগ্রগতি হওয়ায় সময়সীমা শনিবার পর্যন্ত পিছিয়ে দেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, কানাডার সঙ্গে ‘সম্ভবত একটি চুক্তি’ হতে পারে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুই দেশ একটি সমঝোতার দিকে এগোচ্ছে।
সূত্রটির দাবি, প্রস্তাবিত চুক্তিতে কানাডায় নির্মিত গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার কথা রয়েছে। তবে কানাডার পক্ষ থেকে শুল্ক আরও কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট দুটি অটো শিল্প সূত্র জানিয়েছে।
প্রস্তাবিত ১৫ শতাংশ শুল্ক হবে মূল বা ‘টপ-লাইন’ হার। যুক্তরাষ্ট্রে উৎপাদিত যন্ত্রাংশ ও অন্যান্য উপাদানের মূল্য বাদ দেওয়ার পর কার্যকর শুল্কের হার আরও কম হতে পারে।
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও শুল্ক অর্ধেকে নামিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। তবে শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, এই কম শুল্ক নির্দিষ্ট পরিমাণ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এর জন্য একটি কোটা ব্যবস্থা থাকতে পারে।
একটি সূত্রের মতে, বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন পর্যন্ত আমদানিতে এই সুবিধা দেওয়া হতে পারে। এর বেশি আমদানির ক্ষেত্রে আগের ৫০ শতাংশ ইস্পাত শুল্ক কার্যকর হতে পারে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, আলোচনায় এমন একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে, যা মার্কিন শ্রমিকদের সুরক্ষা এবং উত্তর আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করবে।
ট্রাম্পও আলোচনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেছেন, চূড়ান্ত নথি প্রস্তুত হলে মার্কিন নির্মাতা ও কৃষকরা কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক দেবেন না।
তবে গাড়ির ওপর শুল্ক কমানোর বিষয়টি এই সপ্তাহেই চূড়ান্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির (USMCA) নির্ধারিত পর্যালোচনার সঙ্গে যুক্ত হয়ে আগামী বছর পর্যন্ত গড়াতে পারে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার দেশটির ১০টি প্রদেশের প্রধানদের সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বৈঠকটিকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করলেও বলেন, এখনো আরও কাজ বাকি রয়েছে।
চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যেসব বিষয়কে বৈষম্যমূলক মনে করছে, সেগুলোর মধ্যে মার্কিন মদ, পনির ও মোটরযানের বাজারে কানাডার কিছু নীতিও রয়েছে। এগুলো পরিবর্তনে কানাডা সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
তবে কানাডার একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশটির ৫৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী কার্নির আর কোনো ছাড় দেওয়া উচিত নয় বলে মনে করেন।