উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে প্রাপ্য সম্মান ও মর্যাদা অনুযায়ী অভ্যর্থনা জানানো হবে। ঢাকায় এক অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই কথা জানিয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং নয়াদিল্লি তাঁর সফরের অপেক্ষায় রয়েছে বলে জানান হাইকমিশনার। নরেন্দ্র মোদির বার্তা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, তাঁদের দেখা করতে হবে এবং মোদি চান এই সফরটি যেন স্মরণীয় হয়ে থাকে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। ওই আমন্ত্রণপত্রে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এ ছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমন্ত্রণটি সরকার পর্যালোচনা করছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এটি স্পষ্ট করে। দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সংলাপ ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব। অতীতের মতপার্থক্যকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়ে হাইকমিশনার বলেন, ভারত নতুন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থনৈতিক সহযোগিতাকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি ব্যবসায়ী ও বেসরকারি খাতকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থান ও নতুন সুযোগ তৈরিতে সরকার এবং বেসরকারি খাতের যৌথ ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।