উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ গতকাল রেকর্ড ৪০ ট্রিলিয়ন বা ৪০ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। বিভিন্ন খাতে উচ্চ ব্যয় দেশটির ফেডারেল সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। এসব খাতের মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যয়, সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ারের মতো সামাজিক কর্মসূচি এবং ক্রমবর্ধমান ঋণ বাবদ সুদ পরিশোধ। এপির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাস আগেই মার্চে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩৯ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ছুঁয়েছিল। এর পাঁচ মাস আগে অর্থাৎ গত অক্টোবরে ঋণ ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
অভূতপূর্ব ৪০ ট্রিলিয়ন ডলারের এ মাইলফলক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরস্পরবিরোধী অগ্রাধিকারগুলোকে সামনে এনেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি—যার ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র প্রায় ছয় মাস ধরে চলা ইরানের সঙ্গে যুদ্ধে সামরিক কার্যক্রম চালাচ্ছে। একইসঙ্গে গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হ্রাসের চেষ্টার প্রভাবও পড়েছে সরকারি ব্যয়ে। বাইপার্টিজান পলিসি সেন্টারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মার্গারেট স্পেলিংস বলেন, ফেডারেল ঋণ এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় বাড়াচ্ছে এবং অন্যান্য সরকারি ব্যয় ও বিনিয়োগের সুযোগ সংকুচিত করছে।
যুক্তরাষ্ট্রে আইন করে জাতীয় ঋণের একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করা আছে, যাকে ডেট লিমিট বা ঋণসীমা বলা হয়। কংগ্রেস এই সীমা নির্ধারণ, বাড়ানো কিংবা পুরোপুরি বাতিল করার ক্ষমতা রাখে। বাইপার্টিজান পলিসি সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের শীতের শেষ দিক থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ঋণ ৪১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের ঋণসীমায় পৌঁছানোর সম্ভাবনাই বেশি। তখন ঋণসীমা বাড়ানো বা স্থগিত করার বিষয়ে কংগ্রেসকে আবারো ভোট দিতে হবে।
এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ওইসিডির সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ অনুযায়ী, অন্যান্য উন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থাই সবচেয়ে খারাপ। হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বলেন, ট্রাম্প প্রশাসন ফেডারেল ব্যয়ের অপচয়, প্রতারণা ও অনিয়ম কমানোর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করার দিকে মনোযোগ দিয়েছে, যাতে জিডিপির তুলনায় যুক্তরাষ্ট্রের ঋণের অনুপাত সঠিক পথে আনা যায়।