উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘হিউম্যান-রোবট সিম্বায়োসিস, প্রোডাকশন ডিমান্ড কনভারজেন্স’ বা ‘মানুষ-রোবট সহাবস্থান ও উৎপাদন চাহিদার সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত বছরের তুলনায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩৬ শতাংশ।
সম্মেলনে ২ হাজারের বেশি রোবট ও সংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ১৫০টির বেশি পণ্য প্রথমবারের মতো বিশ্ববাজারে উন্মোচন করা হয়েছে।
প্রায় ৫০ হাজার বর্গমিটারজুড়ে আয়োজিত প্রদর্শনী চারটি হলে ভাগ করা হয়েছে। এবারই প্রথম কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর (SOE) জন্য আলাদা একটি প্রদর্শনী জোন রাখা হয়েছে। সেখানে ৪৯টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যৌথভাবে রোবটের ১২টি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ তুলে ধরছে।
সম্মেলনের কর্মসূচিতে রয়েছে চারটি বিশেষ দিন—পণ্য উন্মোচন, ক্রয়, ডেভেলপার এবং সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত দিন।
এবারের সম্মেলনে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে ‘রোবট কনজাম্পশন স্ট্রিট’। সেখানে রোবট শেফের তৈরি খাবার ও পানীয় সরাসরি দর্শনার্থীদের কাছে বিক্রি করা হচ্ছে।
এ ছাড়া বাস্তব পরিবেশে পরীক্ষামূলক ব্যবহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবনী দলকে গণহারে উৎপাদিত হিউম্যানয়েড রোবট, চার পা-ওয়ালা রোবট এবং বিভিন্ন ধরনের দক্ষ রোবটিক হাত বিনামূল্যে দেওয়ার একটি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপমন্ত্রী শিন গুওবিন বলেন, ২০২৫ সালে চীনের রোবট শিল্পের প্রতিষ্ঠানগুলোর মোট আয় ৩০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪৪ দশমিক ৪৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত পাঁচ বছরে এ খাতে গড় বার্ষিক প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি ছিল। চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের রোবট শিল্পের ব্যবসায়িক আয় দাঁড়িয়েছে ১৬৫ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ বেশি।
শিন গুওবিন বলেন, চীনের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রোবট প্রযুক্তি ও পণ্যের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রোবট শিল্প এখন গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে।
তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী ও শিল্প খাতের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁর মতে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোবট শিল্পের টেকসই ও উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা গেলে অর্থনীতি ও সমাজে বুদ্ধিমান রোবটের সুফল আরও বিস্তৃত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অন ইন্টেলিজেন্ট রোবটস ফর দ্য পজিটিভ অ্যান্ড ফর গুড’ নামে একটি উদ্যোগ প্রকাশ করা হয়েছে। রোবট প্রযুক্তির স্বাস্থ্যকর ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এর লক্ষ্য।
একই অনুষ্ঠানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর রোবট প্রযুক্তিতে সেরা ১০ উদ্ভাবন এবং সর্বোচ্চ মূল্যসম্পন্ন ১০টি ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্র প্রকাশ করা হয়।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে ‘এমবডিড ইন্টেলিজেন্স’ বা বাস্তব জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ ও কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার প্রয়োগসংক্রান্ত চাহিদাও তুলে ধরা হয়েছে।
সম্মেলনের এসব উদ্যোগ থেকে স্পষ্ট, রোবটকে শুধু প্রদর্শনীর প্রযুক্তি হিসেবে নয়, বরং উৎপাদন, জরুরি সেবা, ভোক্তা সেবা ও দৈনন্দিন জীবনের বাস্তব কাজে ব্যবহারের দিকে এগিয়ে নিতে চাইছে চীন।