উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশী নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
‘এ-৩’ ভিসাসহ সব ধরনের অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে প্রযোজ্য কেওয়াইসি বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে বলা হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশী নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ‘এ-৩’ ভিসায় বাংলাদেশে আসা বিদেশী নাগরিকদের বিডা থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়।
ওই ওয়ার্ক পারমিটে বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণের শর্তও অন্তর্ভুক্ত থাকে এবং একই বিধান অন্যান্য অ্যামপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।