উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ক্রমেই বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত পাঁচ মাসে বিভিন্ন পথে ৬২টি পাথর নিক্ষেপের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় সাধারণ যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ট্রেনের জানালার কাচ ভেঙে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ৬২টি ঘটনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম পথে ৩৭টি এবং চট্টগ্রাম-কক্সবাজার পথে ১৯টি ঘটনা ঘটে। এ ছাড়া লাকসাম-নোয়াখালী পথে চারটি এবং লাকসাম-চাঁদপুর পথে দুটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-আখাউড়া, চট্টগ্রাম-কক্সবাজার, লাকসাম-নোয়াখালী ও লাকসাম-চাঁদপুর রেলপথে প্রতিদিন ২৬ জোড়া ট্রেনে প্রায় ২৫ হাজার মানুষ যাতায়াত করেন।
গত ৩০ জুলাই রাতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস কুমিল্লার রাজাপুর স্টেশন অতিক্রম করার সময় জানালার কাচ ভেঙে আসা পাথরের আঘাতে মাইজদীর বাসিন্দা মহিউদ্দিন গুরুতর আহত হন। ট্রেনে নিয়মিত যাতায়াতকারী ফাহিমা চৌধুরী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারোয়ার বাবু জানান, হঠাৎ পাথর এসে পড়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হচ্ছে এবং গুরুতর আঘাতের পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও বাড়ছে।
রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিবহন কর্মকর্তা-২ মো. মনিরুজ্জামান জানান, এসব ঘটনায় যাত্রীরা আহত হওয়ার পাশাপাশি ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, পাথর নিক্ষেপ নিছক দুষ্টুমি নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে চট্টগ্রাম থানার উপপরিদর্শক সহদেব কুমার সরকার জানান, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত ১২টি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ট্রেনের সামনে ও পেছনে কার্যকর ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।